চুয়াডাঙ্গায় শনিবার রাতে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে জেলা শহরের রেলবাজার এলাকায় একদল দুর্বৃত্ত তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনার পর শহরে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি জেলা শহরের রেলপাড়ার ইউসুফ আলী মাস্টারের ছেলে। তিনি চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এবং জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা শহরের রেলবাজার পুলিশ ফাঁড়ির কাছে জনতা ব্যাংকের নিচে শফিসহ কয়েকজন বসেছিলেন। এ সময় ৩টি মোটরসাইকেলে ৮-৯ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে শফির ওপর হামলা করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, তার আঘাতটা বেশ গুরুতর। আমরা চারজনকে আটক করেছি। জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেয়া হবে না।