গাজীপুরে বাড়ির শয়নকক্ষে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে সিটি করপোরেশনের পূবাইল থানার বসুগাঁও এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বসুগাঁও এলাকার আবুল কালাম (৪০) ও তার স্ত্রী পুতুল বেগম (২৮)। আবুল কালাম ওই এলাকার মৃত তারা মিয়ার ছেলে।
গাজীপুর মহানগর পুলিশের পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূরুজ্জামান বলেন, বসুগাঁও এলাকায় নিজ বাড়িতে ঘরের ভেতর শুয়েছিলেন আবুল কালাম ও তার স্ত্রী পুতুল। বুধবার রাতে তাদের দুজনকেই কে বা কারা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাদের লাশ দেখতে পায় স্থানীয়রা। তাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ দুটি উদ্ধার করে।
এসআই নূরুজ্জামান আরো বলেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।