সিদ্ধিরগঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারের ৮ জন দগ্ধ হয়েছে।
সোমবার ভোর ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালের পিছনে ফারুক মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান জানান, ভোর ছয়টার দিকে সাহেবপাড়া এলাকার ফারুক মিয়ার পাঁচতলা বাড়ির নিচতলায় বিকট শব্দে রান্নাঘরের চুলা থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে একই পরিবারের আট সদস্য- কিরণ(৪৫), হিরণ(২৬), ইমন(২২), আপন(১২ ), কাউসার(১৪), ইলমা(৩), মুক্তা(২৫) ও নুরজাহান (৭০) গুরুতর আহত হয়েছে।
মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের স্বজন ইলিয়াস জানান, ঘুম থেকে উঠে সিগারেটের জন্য আগুন ধরালে পুরো ঘর আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে গ্যাস জমে থাকায় আগুন লেগে দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকার একটি ফ্ল্যাট বাসায় এ ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে রাতে রান্নার চুলা বন্ধ না করে ওই পরিবারের লোকজন ঘুমিয়ে পরে। ফলে চুলা থেকে গ্যাস বের হয়ে ঘরের ভেতর জমে থাকে। ভোর ৬টায় রান্না ঘরে গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। সূত্র/যুগান্তর