বন্দরনগর চট্টগ্রামে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছে। ব্রঙ্কাইটিসের উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। গতকাল শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ নমুনা পরীক্ষায় তাঁর দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, ‘চট্টগ্রামে প্রথম একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৬৭ বছর বয়সী এই রোগীর বাসা চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকায়। করোনা শনাক্ত হওয়ার পর তাঁর বাসাসহ পুরো ভবন লকডাউন করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আর হাসপাতালে তাঁর স্বাভাবিক চিকিৎসা চলবে।’
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, ‘জ্বর, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিসের উপসর্গ নিয়ে ওই রোগী গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁকে শুরু থেকেই আইসোলেশনে রাখা হয়েছে। পর্যাপ্ত চিকিৎসাও দেওয়া হচ্ছে। তবে কিভাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সে বিষয়ে আমরা এখনো জানতে পারিনি।’
বিআইটিআইডির ল্যাব ইনচার্জ ডা. শাকিল আহমেদ বলেন, ‘শুক্রবার আমরা ৩১ জনের নমুনা পরীক্ষা করেছি। এর মধ্যে শুধু একজন পজিটিভ। এ নিয়ে এখানে ৮৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে প্রথমবারের মতো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।’/কালেরকণ্ঠ