টঙ্গীর চেরাগআলী এলাকায় রবিবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ঝুটের অর্ধশতাধিক গুদাম ও মালামাল পুড়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুন পুরোপুরি নেভাতে রাত সাড়ে ১২টা পর্যন্ত কাজ করছিল।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আতিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, টঙ্গী চেরাগআলী এলাকার ফাইসন্স রোড মাদ্রাসার বিপরীতে সড়কের দু’পাশের টিনশেডে ঝুটের ছোট বড় অর্ধ শতাধিক গুদাম রয়েছে। রবিবার রাত সোয়া ৯টার দিকে একটি গুদামে আগুনের সূত্রাপাত হয়। মুহুর্তেই আগুন পার্শ্ববর্তী অপর গুদামগুলোতে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী ও উত্তরা ষ্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিল তারা। আগুনে মালামালসহ ঝুটের অর্ধশতাধিক গুদাম পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায় নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট বা মশার কয়েল অথবা বিড়ি সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রাপাত হয়েছে।/জনকণ্ঠ