ঝালকাঠির রাজাপুরে জাহিদ হোসেন স্বপন সিকদার (৩৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত স্বপন মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম সিকদারের ছেলে।
রাজাপুর থানার ওসি অপারেশন আবুল কালাম আজাদ জানান, স্বপনের পুটিয়াখালী বাজারে একটি মোবাইলের দোকান রয়েছে। আদাখোলা গ্রামে বাবার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে নিজের বাড়িতে একা থাকতেন স্বপন। স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক না থাকায় এক বছর আগে তাদের বিচ্ছেদ হয়।
মঙ্গলবার রাতে ভাত খেতে বাবার বাড়ি না আসায় পরিবারের সবাই তাকে খুঁজতে থাকে। সকালে ঘরের দরজা ভেঙে স্বপনকে একটি জিন্সের প্যান্ট দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে স্বপনের লাশ উদ্ধার করে।
নিহত স্বপনের মামা আমিনুল ইসলাম দাবি করেন, স্বপনকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।