রাজধানীর মোহাম্মদপুরের বিল্লাল ফার্মা ও খিলগাঁওয়ের লাজ ফার্মায় ডাকাতির ঘটনার মূল হোতা সোহেল (৩৬) সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
অন্য গ্রেপ্তারকৃতরা হলেন- সোহরাব (৩০), নেওয়াজ (২২), শাহীন (২৫) ও রাজু (২৫)। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করা ধারাল অস্ত্র নগদ টাকাসহ মালামাল জব্দ করেছে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা পশ্চিম বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শাহদাত সোমা ও মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিছউদ্দিন।
এডিসি শাহদাত হোসেন সোমা বলেন, গত ১ এপ্রিল রাত পৌনে ১২টার দিকে মোহাম্মদপুরের কলেজ গেটে বিল্লাহ ফার্মা ও ৫ এপ্রিল খিলগাঁওয়ের লাজ ফার্মায় একই স্টাইলে ডাকাতির ঘটনা ঘটে। তারা প্রথমে একটি পিকআপ করে মুখে মাস্ক ও গামছা পেঁচিয়ে আসে। ফার্মায় যেয়ে চাপাতি, দা ও লোহার রডের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ও ল্যাপটপ নিয়ে যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু হয়।
তিনি বলেন, থানা পুলিশের পাশাপাশি তাঁদের নেতৃত্বে গোয়েন্দা পশ্চিম বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম ও পল্লবী জোনাল টিম মামলা দুটির ছায়া তদন্ত শুরু করে।
তিনি বলেন, লাজ ফার্মায় থাকা সিসিটিভি ফুটেজের সূত্র ধরে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রবিবার (১২ এপ্রিল) ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের মূল হোতা সোহেলসহ অন্যান্যদের গ্রেপ্তার করা হয়। আর তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত পিকআপ, নগদ ৫ হাজার টাকা ও ডাকাতি কাজে ব্যবহৃত চাপাতি, দা ও লোহার রড।/কাক