গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর গানম্যান সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কিশোর সরকারকে গ্রেফতার করেছেন জেলা পুলিশ।
শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকার আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ জানান, গ্রেফতারের সময় এএসআই কিশোর কুমার সরকারের কাছ থেকে তার ব্যবহৃত পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কিশোর কুমার সরকার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের গানম্যান হিসেবে নিয়োজিত আছেন।
তিনি আরও বলেন, কিশোর ছুটিতে কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়ায় গ্রামের তার নিজ বাড়িতে এসেছিলেন। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশেই একটি পতিত জমিতে দুই বন্ধু শহিদ ও মঈন উদ্দিনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। কথার এক পর্যায়ে হঠাৎ তিনি দুই জনকে গুলি করেন। তার গুলিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আইজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে শহিদ নিহত এবং মঈন উদ্দিন (৩২) গুলিবিদ্ধ হয়ে আহত হন।