নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় এবিসি স্কুলের সামনে ব্যাংক ডাকাতির প্রস্ততিকালে ৬ ডাকাতকে আটক করেছে র্যাব-১১।
রোববার (৭ জুন) দুপুর দেড়টার দিকে ওই এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ডাকাতরা হলেন- ওমর ফারুক (২৫), সবুজ মিয়া (২০), ইমরান (৩১), শিব্বির আহমেদ (২৪), ফয়সাল (২০), সালাউদ্দিন (৩০)। এরা সকলেই নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ এর সিও ইমরান উল্ল্যাহ সরকার বলেন, ‘আমাদের কাছে গতকাল শনিবার থেকেই খবর ছিল যে চাষাঢ়ার বড় কোনো আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতির প্রস্তুতি নেয়া হচ্ছে। রোববার সকাল থেকেই আমাদের দল নজর রাখছিল। দুপুর দেড়টার দিকে ডাকাতদল ব্যাংকের সামনে এলে সড়কের দুইদিকে ব্লক করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৩টি রামদা, ২টি চাপাতি এবং ১টি মাইক্রোবাস উদ্ধার করা হয়। নিরাপত্তার স্বার্থে ব্যাংকটির নাম গোপন রাখা হয়েছে।’
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকাতদের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। পরে এ ঘটনার বিস্তারিত জানানো হবে।