ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে আগামী ১৫ দিনের জন্য পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দিনগত রাত ১২টার দিক থেকে এ লকডাউন শুরু হয়েছে। যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
এ বিষয়ে ভাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুর রহমান খান জানান, লকডাউন অবস্থায় আগামী ১৫ দিন শুধুমাত্র ওষুধসহ জরুরি বিষয় ছাড়া আর সব দোকান বন্ধ থাকবে। সড়কেও লোক চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। অকারণে কাউকে বাড়ির বাইরে যেতে দেওয়া হবে না।
তিনি বলেন, আইন মানতে প্রস্তুত থাকবে একাধিক ভ্রাম্যমাণ আদালত।
এদিকে ভাঙ্গা উপজেলার করোনাভাইরাসজনিত পরিস্থিতির অবনতি হওয়ায় গেল বৃহস্পতিবার থেকে বাজার ও দোকানপাট খোলার সময় পরিবর্তন করা হয়। বৃহস্পতিবার থেকে ভাঙ্গার দোকানপাট খোলার সময়সূচি পরিবর্তন করে সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করা হয়। এতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় পুরোপুরি এ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
ভাঙ্গায় করোনাভাইরাস শনাক্ত ও কোভিড-১৯ জনিত মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি সুস্থ হয়ে ওঠার সংখ্যা কম থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।