করোনায় আক্রান্ত হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোঃ রফিকুল হায়দার (৫০) মারা গেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজের পরিচালক আনোয়ারুল কাদের নাজিম।
এর আগে বুধবার (১৭ জুন) রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে মিরপুরের বাসা থেকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মোঃ রফিকুল হায়দার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর গ্রামের মোহাম্মদ সুফিয়ানের ছেলে। তিনি সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করার পর দীর্ঘদিন ডায়বেটোলজিস্ট ও এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কমর্রত ছিলেন।
এনাম হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে রোববার তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালেই নমুনা পরীক্ষা করান। পরদিন ফলাফলে তার দেহে করোনার উপস্থিতি নিশ্চিত হয়। পরে বুধবার রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে মিরপুরের বাসা থেকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে রাতেই কোয়ান্টাম ফাউন্ডেশনের সেচ্ছাসেবকদের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে ডা. রফিকুল হায়দারের জানাজা শেষে তাকে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।