ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফ্রিজের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আজদর (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজদর ওই গ্রামের মৃত সামসু মিয়ার ছেলে।
নিহতের ভাই মোজাম্মেল হক জোরান জানান, সকালে মো. আজদরের ঘরের একটি ফ্রিজ নষ্ট হয়ে যায়। এ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই তিনি ফ্রিজের লাইন মেরামতের কাজ শুরু করলে বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজদরকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার হিমেল কুমার সাহা জানান, বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যুর খবর শুনেছি। তবে পল্লী বিদ্যুতের লাইনের সমস্যার কারণে তিনি মারা যাননি। ব্যক্তিগত একটি ফ্রিজের মেরামত করতে গিয়ে তিনি নিহত হয়েছেন।