কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ রোডে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাজ আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।
তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান আজ সকালে কক্সবাজারে এসে পৌঁছেছেন। আজ দুপুরে কমিটির অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন। তিনি জানান, এ ঘটনার একটি নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত করা হবে। তবে তিনি তদন্ত কমিটির কাজের বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেছেন।
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানকে আহ্বায়ক করে পুনর্গঠিত এই তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
এই কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন, যাকে মনোনীত করবেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজারের এরিয়া কমান্ডার।
পুলিশ বিভাগের পক্ষ থেকে এই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) মনোনীত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন। এ ছাড়া কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলী এই তদন্ত কমিটিতে সদস্য হিসেবে থাকবেন, যাকে শুরুতে এই কমিটির নেতৃত্বে রাখা হয়েছিল।
এ কমিটি সরেজমিনে তদন্ত করে ঘটনার কারণ ও উৎস অনুসন্ধান করবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে মতামত দেবে। / এন