নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগারবন্দ দক্ষিণপাড়া জামে মসজিদের ইমামকে কেন্দ্র করে বিরোধের সংঘর্ষে কাজল মিয়া (৫৫) নামের একজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় দরগারবন্দ নতুন বাজারে এ ঘটনা ঘটে। নিহত কাজল মিয়া দরগারবন্দ গ্রামের মৃত মিলন মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী ও এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দরগারবন্দ দক্ষিণপাড়া জামে মসজিদে দীর্ঘদিন যাবৎ নিয়োগ প্রাপ্ত ইমাম মাওলানা আতাউর রহমানকে মসজিদে রাখা, না রাখা নিয়ে মসজিদ কমিটির সদস্য ও ৬ নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক কাজল মিয়া ইমামের পক্ষ নিয়ে একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে আলকামার (৩৫) ও আলম (৪০), ফজলু শেখের ছেলে সোহেল(৩৫) ও সেলিম (২৫), হেকিম আলীর ছেলে কবিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে নিহতের স্ত্রী রাহেলার সামনে তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে তারা। এতে কাজল মিয়া মাটিতে লুটিয়ে পরে। এমতাবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর রাতেই শিবপুর মডেল থানা পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, মসজিদের ইমামকে কেন্দ্র করে মারামারিতে একজন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোন পক্ষেরই অভিযোগ পাইনি, তবে বিষয়টি আমরা তদন্ত করছি। / ই