গাজীপুরের শ্রীপুরে পুকুরে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থী পানিতে ডুবে গেছে। এদের মধ্যে তাওহীদুল ইসলাম সাইফের (১৭) লাশ শনিবার রাতে ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার করলেও নাজমুল (৮) নামের অপর শিশু নিখোঁজ রয়েছে।
নিহত সাইফ স্থানীয় বহেরারচালা এলাকার তরিকুল ইসলাম দুলালের ছেলে। সে এ বছর এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে।
শ্রীপুর থানার থানার ওসি খোন্দকার ইমাম হোসেন নিহত সাইফের চাচা মাসুদুল হাসান জালাল জানান, শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করার সময় সাইফ (১৭) ও নাজমুল (৮) হঠাৎ পানিতে পড়ে তলিয়ে নিখোঁজ হয়।
স্থানীয়রা প্রায় ২৪/২৫ ফুট গভীর ওই পুকুরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরীদল রাত সাড়ে ৮টায় পুকুর থেকে সাইফের লাশ উদ্ধার করে।
নিখোঁজ অপরইশশু নাজমুলের খোঁজে রাত প্রায় ৯টা পর্যন্ত তল্লাশি চালায়। কিন্তু তার সন্ধান না পেয়ে অন্ধকারের কারণে অভিযান স্থগিত রাখে।
রোববার সকালে নাজমুলের খোঁজে ডুবুরী দল পুনরায় পুকুরে তল্লাশি শুরু করার কথা রয়েছে। মেধাবী ছাত্র সাইফের মা তাহমিনা আক্তার স্থানীয় মাধোখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাবা দক্ষিণ বারতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
নাজমুল পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাঝিপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। সে শ্রীপুরের আনসার রোড এলাকার পারিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো্ তার বাবা জলিল ও মা স্থানীয় মেঘনা হুইলস কারখানায় চাকরি করে। নাজমুল প্রথম শ্রেণির ছাত্র বলে স্থানীয়রা জানিয়েছে