গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। উপজেলার দুর্লভপুর বেপারীপাড়া এলাকায় মাওনা-বরমী সড়কে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কচুরী কন্দপুর এলাকার সোলায়মানের ছেলে আবু হানিফ (২৪) এবং একই জেলার গৌরীপুর উপজেলার বীর আহমদপুর এলাকার কামাল হোসেনের ছেলে সোহেল রানা (৪০)। আহত ব্যক্তিদের মধ্যে দুজন হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নামাপাড়া জঙ্গলবাড়ি এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান (৩৮) ও তাঁর স্ত্রী রিপা (৩০)। অন্য একজনের নাম-পরিচয় জানা যায়নি।
গতকাল সন্ধ্যার পর কিশোরগঞ্জের হোসেনপুর এলাকা থেকে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে পাঁচজন যাত্রী গাজীপুরের শ্রীপুরের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি বেপরোয়া গতিতে যাওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুরের দুর্লভপুর বেপারীপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা মাওনামুখী একটি ট্রাকের পেছনে অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা আহত হন।