নরসিংদীর রায়পুরা উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাসহ দুই জনের বিরুদ্ধে। রায়পুরা উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলসহ দুই জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী মেয়েটির বাবা।
স্থানীয় ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, মেয়েটির সঙ্গে প্রায় ৬ মাস ধরে প্রেমের সম্পর্ক রয়েছে শাকিল। মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শাকিল গত বৃহস্পতিবার রাত ১০টায় রায়পুরা উপজেলা রাজু অডিটরিয়ামে আসতে বলে। পরে অডিটরিয়ামের একটি কক্ষে নিয়ে সে মেয়েটিকে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটির চিৎকার শুরু করলে শাকিল পালিয়ে যায়। পরে মেয়েটি ৯৯৯-এ ফোন করলে রায়পুরা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রায়পুরা উপজেলার আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন সমকালকে বলেন, ‘আমি এই ঘটনা শুনেছি। শাকিল খুবই বাজে ছেলে। এর আগেও তার বিরুদ্ধে নানা অভিযোগ আমি পেয়েছি। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই শাকিলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদের জানান, ধর্ষণের অভিযোগে রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলসহ দুই জনের বিরুদ্ধে শুক্রবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। / সম