শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর সরদারবাড়িতে সিগারেটের আগুনে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন তার স্ত্রী ও সন্তান।
নিহত স্বামীর নাম দীপায়ন সরকার (৩৫)। দগ্ধরা হলেন- তার স্ত্রী পপি সরকার (৩০) ও শিশুকন্যা দিয়া রানী সরকার (৫)। তারা ফতুল্লার দাপা ইদ্রাকপুর সরদারবাড়ির আনোয়ার হোসেনের বাসায় ভাড়া থাকতেন।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, দাপা ইদ্রাকপুর সরদারবাড়ির আনোয়ার হোসেনের ভাড়া বাসায় একটি রুমে দীপায়ন সরকার তার স্ত্রী পপি সরকার ও শিশুকন্যা দিয়া রানী সরকার বসবাস করতেন।
ওই পরিবারের দাবি, সিগারেটের আগুন থেকে তাৎক্ষণিক ঘরের আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। এতে পরিবারের তিনজনই দগ্ধ হন। বাড়ির পাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন থেকে দীপায়ন সরকার রাতে মারা যান।
দগ্ধ পপি সরকার ও তার শিশুকন্যা দিয়া রানীর অবস্থাও আশঙ্কাজনক। এ বিষয়ে আরও তদন্ত করে দেখা হচ্ছে। / যু