রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাস টার্মিনাল থেকে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে ১৭টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্বর্ণের বারগুলো জিতেন ধর ও ধীরেন ধর নামের দুই ভাই স্থানীয় এক জুয়েলার্স ব্যবসায়ীকে দিতে সোমবার সকালে রাজশাহী বাস টার্মিনালে পৌঁছান। বাস থেকে নামার পর আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে একদল যুবক তাদের কাছ থেকে বারগুলো ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের বোয়ালিয়া মডেল থানা পুলিশের হেফাজতে নেয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে, প্রতিটি বারের ওজন ১০ ভরি করে। মোট ১৭০ ভরি স্বর্ণের দাম প্রায় দেড় কোটি টাকা। বারগুলো নিয়ে বালিয়াপুকুর এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাসায় যাচ্ছিলেন ওই দুই ভাই। তারা বাস থেকে নামতেই অস্ত্র ঠেকিয়ে তাদের কাছ থেকে বারগুলো ছিনিয়ে নিয়ে যায় একদল যুবক। সে সময় ছিনতাইকারীরা নিজেদের আইনশৃংখলা বাহিনীর সদস্য বলে পরিচয় দেয়।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তারা একেক সময় পুলিশকে একেক রকম তথ্য দিচ্ছেন। এ নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।’ / জাগো