যশোরের বেনাপোল বন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় লোকমান হোসেন (৩৫) নামে এক সিএন্ডএফ স্টাফ নিহত হয়েছেন। আজ রবিবার ভোর ৪টায় উন্নত চিকিৎসা নিতে ঢাকা যাওয়ার পথে মানিকগঞ্জে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যায়। এর আগে গতকাল সন্ধ্যায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।
লোকমান সিঅ্যান্ডএফ এজেন্ট মাহিবি এন্টার প্রাইজের স্টাফ ছিলেন। চাকরির পাশাপাশি তিনি সংবাদ পত্র ও সাংস্কৃতির সাথে জড়িত ছিলেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় তিনি চেকপোস্ট কার্গো শাখার কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় বেনাপোল বন্দর সড়কে একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। অন্যান্য স্টাফরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরমর্শ দেন চিকিৎসকরা। ঢাকা যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে আজ রবিবার ভোরে মানিকগঞ্জে তিনি মারা যান।