গাজীপুরের শ্রীপুর মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া গ্রাম থেকে একটি হরিণ উদ্ধার করেছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। স্থানীয় বনবিভাগের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তারা হরিণটি উদ্ধার করেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের শ্রীপুর রেঞ্জের আওতাধীন শিমলাপাড়া বিট কর্মকর্তা আব্দুল হাই।
স্থানীয় সজল মিয়া জানান, বেলা ১২টার দিকে তারা চারবন্ধু বাড়ির পাশে বসে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় স্থানীয় ২০/৩০ জন লোক ও কয়েকটি কুকুর হরিণটিকে তাড়া করছিলো। এক পর্যায়ে হরিণটি দৌঁড়ে কাঁদায় পরে যায়। পরে তারা কাঁদা থেকে হরিণটিকে উদ্ধার করে স্থানীয় বন বিভাগকে খবর দেওয়া হয়।
আব্দুল হাই জানান, দুপুরে কপাটিয়া পাড়া গ্রামের পাশের জঙ্গলে হরিণটিকে দেখে স্থানীরা। পরে কয়েক যুবক হরিণকে ধরে স্থানীয় বন বিভাগ ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষকে খবর দেয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) তবিবুর রহমান জানান, পুরুষ হরিণটিকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধারের করে প্রাথমিক চিকিৎসা শেষে পার্কের হরিণ বেষ্টনীতে ছেড়ে দেওয়া হয়েছে। হরিণ উদ্ধার হওয়ার জায়গাটি পার্ক থেকে ১২/১৫ কিলোমিটার দূরে। তবুও হরিণটি আসলেই সাফারি পার্কের কিনা অথবা কোথায় থেকে আসলো তা খতিয়ে দেখা হচ্ছে। / রাই