হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বিগমভর বাজারের ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— উপজেলার পুটিজুরী ইউনিয়নের লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাসের স্ত্রী অঞ্জলী (৩৫) ও তার মেয়ে পূজা (৮)। এ ঘটনায় আহত আমির আলীকে বাহুবল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাস কাঁচামালের ব্যবসা করেন। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে দ্বিগম্বরবাজারে তিন তলা একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। বুধবার রাতে তিনি ব্যবসার কাজে সুনামগঞ্জে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাসায় এসে দেখেন তার স্ত্রী ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে।
সন্দ্বীপ দাস বলেন, রাত ৩টার দিকে দ্বিতীয় তলার ভাড়াটিয়া বাহুবল এলাকার আহত আমির আমাকে ফোন দিয়ে বলেন, তার ঘর চুরি হয়েছে। ঘরে থাকা সেলাইমেশিনসহ সব চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার সঙ্গে আমির আলীর সম্পৃক্ততা থাকতে পারে।
বাহুবল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত বলেন, ‘ভোর ৪ থেকে সকাল ৭ টার মধ্যে এ ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।’ / ইত্তে/যু