সুনামগঞ্জের শাল্লায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনায় আরও তিনজনসহ রবিবার (২১ মার্চ) সকাল পর্যন্ত মোট ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শনিবার (২০ মার্চ) ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীনকে গ্রেপ্তার করে পিবিআই। শহীদুলের বিরুদ্ধে স্থানীয় যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
সিলেটে পিবিআই কার্যালয়ে ব্রিফিংয়ে পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান বলেছেন, এই মামলাটি তদন্ত করছে সুনামগঞ্জের সালনা থানা। পিবিআই অনুসন্ধান করে এ ঘটনার সাথে সম্পৃক্ত মূল আসামি শহীদুল ইসলামকে ভোরে মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার এলাকা থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদুল বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আমাদের এই গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলার সব উপজেলায় ইসলামী সমাবেশ ও ওয়াজ মাহফিল বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
গত ১৫ মার্চ দিরাইয়ে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এতে বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। পরদিন মামুনুলের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন নোয়াগাঁওয়ের এক যুবক। এই স্ট্যাটাসের জেরে হিন্দু অধ্যুষিত ওই গ্রামটিতে হামলা চালিয়ে ৯০টিরও বেশি বাড়ি ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় দু’টি মামলা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। / ভোকা