রাজশাহীর কাটাখালীতে বাস, মাইক্রোবাস এবং লেগুনা সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের কাপাশিয়া এরাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ৬ জনের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। ঘটনাস্থলে আছে ১১ জনের লাশ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনে স্টেশন অফিসার (সিনিয়র) আবদুর রউফ বলেন, দুপুরে একটি হায়েস মাইক্রোবাস রংপুর থেকে রাজশাহী আসছিল। রাজশাহী-ঢাকা মহাসড়কে কাটাখালী থানার সামনে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি হিউম্যান হলারকে (লেগুনা) ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটির গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে গাড়ির ভেতরেই অনেকে মারা যায়।
আবদুর রউফ আরও বলেন, মাইক্রোবাসটির যাত্রী চারটি পরিবারের ১৩ জন মারা গেছেন। এছাড়া বাসের আরও তিনজন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ছয়জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আর ঘটনাস্থলে মাইক্রোবাসের ভেতর থেকে ১১ জনের লাশ বের করা হয়। / ভোকা