বগুড়ার আদমদীঘির সান্তাহারে স্বামীর সঙ্গে তর্ক করে আত্মহত্যা করেছেন রুনা আক্তার (১৭) নামের এক গৃহবধূ। আজ রোববার সকালে তার গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়। পরে সেটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
রুনা উপজেলার সান্তাহার পৌর শহরের তিয়রপাড়া মহল্লার সোহাগের স্ত্রী। পুলিশ জানিয়েছে, আট মাস আগে উপজেলার সান্তাহার তিয়রপাড়া গ্রামের সুজাউদ্দীনের ছেলে ট্রাকচালক সোহাগ হোসেনের সঙ্গে রুনার বিয়ে হয়। তিনি ফরিদপুরের গাফফার শেখের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। শনিবার সন্ধ্যায় দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রুনাকে মারধর করে সোহাগ। স্বামীর ওপর রাগ অভিমানে ওই দিন রাত ১০টার দিকে রুনা তার ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। / দৈআস