বাগেরহাটে হাফিজুর রহমান ওরফে শিপন (২৯) নামের এক চুরি মামলার আসামি কোর্ট পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে। রোববার বিকেলে বাগেরহাট কোর্ট পুলিশের হাজতখানার সামনে থেকে পুলিশকে ধাক্কা দিয়ে সে পালিয়ে যায়।
পলাতক হাফিজুর রহমানকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। পলাতক হাফিজুর বাগেরহাটের মোংলা উপজেলার কানাইনগর গ্রামের আবু বক্কর খার ছেলে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ জানায়, পহেলা মার্চের একটি চুরির মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে মোংলা থানা পুলিশ। ওই চুরির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মোংলা থানা পুলিশ হাফিজুরকে একদিনের রিমান্ডে নিয়েছিল। একদিনের রিমান্ড শেষে হাফিজুর রহমানকে বাগেরহাট কোর্ট হাজতে ঢোকাতে তার হাতকড়া খোলার সময় সে পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায়। তাৎক্ষণিভাবে হাফিজুর রহমানকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, কোর্ট পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া হাফিজুর রহমানের নামে বিভিন্ন আইনে অন্তত ১৫টি মামলা রয়েছে। / আরটি