মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট সংলগ্ন কাঁঠালবাড়ি ঘাটে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহতের ঘটনায় প্রধান আসামি শাহ আলমকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ।
রোববার (১৬ মে) বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে নৌপুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে স্পিডবোট দুর্ঘটনার পর থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
নৌপুলিশের কাঁঠালবাড়ি ঘাটের পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, গত ৩ মে সকালে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এ সময় স্পিডবোটটি ডুবে যায়। পরে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নৌপুলিশের এসআই লোকমান হোসেন বাদী হয়ে শিবচর থানায় স্পিডবোটের চালক শাহ আলম, দুই মালিক চান্দু মিয়া ও রেজাউল এবং ঘাটের ইজারাদার শাহ আলম খানের নামসহ অজ্ঞাত একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
তিনি আর বলেন, রোববার (১৬ মে) রাত ৮টার দিকে গ্রেপ্তার করা শাহ আলমকে শিবচর থানায় হস্তান্তর করা হয়। এর আগে স্পিডবোটের মালিক চান্দুকে মিয়া র্যাব ঢাকা থেকে গ্রেপ্তার করে। স্পিডবোট দুর্ঘটনার মামলার পর এ পর্যন্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। / আরটিভি/অন