সাভারে পোশাক কারখানার এক শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জুয়েল নামের অপর এক পোশাক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, সাভারের দক্ষিণ দড়িয়ারপুর এলাকায় একটি পোশাক কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন ওই নারী ও অভিযুক্ত জুয়েল। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করেন জুয়েল। এর মধ্যে গতকাল শনিবার জুয়েলকে বিয়ের জন্য চাপ দেন ঐ নারী। এ সময় জুয়েল বিয়ে করবেন না বলে জানালে ঐ নারী পোশাক শ্রমিক সাভার মডেল থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জুয়েলকে প্রধান আসামি করে মামলা করেন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে সাভারে অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করে।
এরই মধ্যে ঐ নারী পোশাক শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। / এনটিভি