রাজশাহী নগরীতে সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত শুধুমাত্র মহানগর এলাকায় কার্যকর হবে জনসাধারণের চলাচলে এ কঠোরতা।
বুধবার (২৩ জুন) বিকেল সোয়া ৩টার দিকে জেলা প্রশাসনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক আব্দুল জলিল।
তিনি বলেন, রাজশাহীতে করোনা ভাইরাসের প্রভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গত ১১ জুন থেকে জনসাধারণের চলাচলে বিশেষ নিষেধাজ্ঞা চলছে। সেটি এক সপ্তাহ থাকলেও পরে আরও সাতদিন বৃদ্ধি করা হয়। তবে দুই সপ্তাহে করোনা আক্রান্ত ও মৃত্যুর তথ্য বিশ্লেষণে আরও এক সপ্তাহ বৃদ্ধি করা যৌক্তিক মনে হয়েছে। সেজন্য সর্বাত্মক লকডাউনের সময়সীমা বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে। ফলে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন বলবৎ থাকার সিদ্ধান্ত হয়েছে।
জেলা প্রশাসক বলেন, স্বাস্থ্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন সকলের সঙ্গে সমন্বয় করেই এমন সিদ্ধান্ত। যদিও এটা মেনে নেওয়া জনসাধারণের জন্য কষ্টকর হচ্ছে। তবে জীবিকার চেয়ে জীবন গুরুত্বপূর্ণ। তাই সবাইকে নির্দেশনা মেনে চলতে হবে।
আব্দুল জলিল বলেন, আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মানাতে। উপজেলা পর্যায়েও কিছুটা কঠোরতা থাকবে। তবে জরুরি সেবার সঙ্গে সম্পৃক্তদের বের হতে বাধা নেই। এর বাইরে কেউ বের হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। / ভোকা