খাগড়াছড়ির দীঘিনালার বরাদম নোয়াপাড়া এলাকায় পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) (প্রসিত) গ্রুপের সাবেক কর্মী অমর জীবন চাকমাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুন) দিবাগত মধ্যরাতে তাকে উপজেলার নোয়াপাড়া গ্রামের শ্বশুর বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে খুন করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম পেয়ার আহমেদ জানিয়েছেন, জীবন চাকমা সাজেকের মাচালং এলাকার পূর্ণ কিশোর চাকমার ছেলে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো জানা যায়নি।
নিহতের শ্বশুর বিজয় চাকমা বলেন, রাতের খাবার শেষে ঘুমিয়ে ছিলেন অমর জীবন চাকমা (৪০)। কয়েকজন লোক ঘুম থেকে ডেকে তুলে পাশের গ্রাম দীঘিনালার বড়াদম পূর্ব খামারপাড়ায় নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। / আরটি