গাজীপুরের শ্রীপুরে এক নারী পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছে। গত রবিবার উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
ভুক্তভোগী নারী (১৯) সাতক্ষীরা জেলার উত্তর কাঠিয়া বৌ বাজার এলাকার বাসিন্দা। সোমবার শ্রীপুর থানায় চার জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ওই নারী।
অভিযুক্তরা হলেন, রাজবাড়ী জেলার সদর উপজেলার লক্ষী নারায়ণপুর গ্রামের কলিম উদ্দিন শেখের ছেলে সাগর শেখ (৩১), বাবু (৩২) পিতা মৃত আব্দুল আলিম, নাজমুল (৩০) পিতা আব্দুল করিম ও গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী আনোয়ার বেগম আনো (৪০)। ঐ নারী শ্রীপুর উপজেলার টেপির বাড়ি এলাকার নর্দান গার্মেন্টস পোশাক কারখানায় অপারেটর পদে কাজ করতেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, অভিযুক্ত ধর্ষক সাগরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে গাজীপুরের শহিদ তাজ উদ্দিন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। / বাপ্র