কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জনের করোনা পজিটিভ ছিল। অপর সাত জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ৭৩৪ জনের নমুনা পরীক্ষা করে ২৩২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৬১ শতাংশ।
কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন জানান, হাসপাতালটি ২৫০ শয্যার হলেও করোনা রোগীদের জন্য ২০০টি শয্যা ব্যবহার করা হচ্ছে। আর এই ২০০টি শয্যার বিপরীতে বর্তমানে করোনা পজিটিভ নিয়ে ২০২ ও করোনার উপসর্গ নিয়ে ৮৭ জনসহ মোট ২৮৯ জন ভর্তি রয়েছে। অতিরিক্ত করোনা রোগীর চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন এখানকার চিকিৎসক ও সেবিকারা। তাঁরা নানা প্রতিকূলতার মধ্যেও করোনা রোগীদের সর্বাত্বক সেবা দিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। / এনটি