সাভারের আশুলিয়ায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগে সেন্টু মিয়া (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরও এক যুবক পলাতক রয়েছে। রোববার (১৮ জুলাই) বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জোহাব আলী।
এরআগে গত বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটে।
আটক সেন্টু মিয়া (৩০) এবং পলাতক আরাফাত (২৮) আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সেন্টু মিয়ার স্ত্রী অসুস্থ বলে ভুক্তভোগী স্কুলছাত্রীকে কৌশলে বাসায় ডেকে নেয় সে। এসময় ওই স্কুলছাত্রী তার বাসায় গিয়ে অভিযুক্তের স্ত্রীকে না পেয়ে ফিরে আসতে চেষ্টা করলে তার পথরোধ করে সেন্টু। এসময় জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে মেয়েটিকে ঘরে নিয়ে যায় এবং তার এ কাজে সহায়তা করে বাড়ির মালিকের ছেলে আরাফাত নামে আরেক অভিযুক্ত। পরে ওই স্কুল শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ করেন তারা। ভুক্তভোগী শিক্ষার্থীর আত্মচিৎকার শুনে এলাকাবাসী আমির হোসেনের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে। এসময় মানুষের উপস্থিতি টের পেয়ে দুই অভিযুক্ত পালিয়ে যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জোহাব আলী জানান, গণধর্ষণের অভিযোগে সেন্টু মিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে। অপর অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। / বার্তা২৪