ফের পদ্মা সেতুর পিলারে ধাক্কা দিয়েছে রো রো ফেরি। সোমবার সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে রো রো ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। ১৮ দিনের মধ্যে পদ্মা সেতুর পিলারে দুই বার ধাক্কা দেওয়ার ঘটনা ঘটল।
বিআইডব্লিউটিসির মেরিন অফিসার আহাম্মদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ধাক্কা খাওয়ার পর ফেরিতে থাকা একটি পণ্যবাহী ট্রাক অপর দুটি প্রাইভেট কারের ওপর পড়ে যায়। এতে প্রাইভেটকার ২টি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধাক্কা খেয়ে ফেরির তলায় ফাটল দেখা দিয়েছে। ফেরিটি এখন লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের ২ নম্বর ফেরি ঘাটে রয়েছে।
উল্লেখ্য, এর আগে ২৩ জুলাই নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে শাহজালাল নামের রো রো ফেরির ধাক্কা লাগে।