রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
রামেক পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, নাটোরের ২ জন, নওগাঁর ২ জন ও মেহেরপুরের ১ জন। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ৬ জন নারী। এদের মধ্যে ৪ জনের বয়স ৬১ বছরের ঊর্ধ্বে, ২ জনের বয়স ৫১ বছরের ঊর্ধ্বে, ২ জনের বয়স ৪১ বছরের ঊর্ধ্বে ও ১ জনের বয়স ৩১ বছরের ঊর্ধ্বে।
তিনি জানান, আজ বুধবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ২৬১ জন।
ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, বুধবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে চিকিৎসাধীন ২৬১ রোগীর মধ্যে ১৪৭ জনের করোনা পজিটিভ রয়েছে। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৩ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন।
রামেক হাসপাতাল পরিচালক জানান, মঙ্গলবার রাজশাহীর দুইটি ল্যাবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ৬০১ জনের নমুনা পরীক্ষা করে ৯৫ জনের করোনা পজিটিভ হয়েছে। বর্তমানে রাজশাহীতে করোনা শনাক্তের হার কমে দাঁড়িয়েছে শতকরা ১৬ দশমিক ৪৪ ভাগ এবং চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার কমে দাঁড়িয়েছে শতকরা ১৩ দশমিক ৭৯ ভাগ। / ইত্তে