ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন করোনা শনাক্ত হয়ে এবং ছয়জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া দুইজনের সবাই ময়মনসিংহের।
এ ছাড়াও ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন ময়মনসিংহের, দুইজন নেত্রকোনার এবং একজন গাজীপুরের।
ডা. মুন আরও জানান, করোনা ইউনিটটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৮৬ জন। এর মধ্যে ১৫ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।
এদিকে জেলায় একদিনে ৪৩৩ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৪৭ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।