রাজশাহীতে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাঁকে গ্রেফতার করে।
গ্রেফতার যুবকের নাম বশির আহম্মেদ (২২)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বগলাউড়ি ডাক্তারপাড়া গ্রামে তাঁর বাড়ি।
বশিরকে গ্রেফতারের পর শনিবার বিকাল সাড়ে ৩টায় নগরীর লক্ষ্মীপুরে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে নগর ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, বশির অস্ত্র নিয়ে একটি বাসে চড়ে ঢাকা যাচ্ছিলেন। ওই বাসে তল্লাশি চালিয়েই তাঁকে অস্ত্রসহ ধরা হয়।
এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বশির জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি অবৈধ অস্ত্রের কারবার করে আসছিলেন। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে মামলা হবে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা। / বার্তা