ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১৩৮ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জন মারা গেছেন।
ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১২ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৪ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৩২ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩০৩ টি নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ১১৮ জন। / আর