মানিকগঞ্জে রবিন মিয়া (২২) নামে এক সবজি ব্যবসায়ীকে হত্যার ঘটনা ঘটেছে। ইজিবাইক, নগদ টাকা ছিনতাইও করা হয় সে সময়। সোমবার সকাল ৮টার দিকে বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকার একটি ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রবিন ভাড়ারিয়া ইউনিয়নের কলাসি গ্রামের মজিবুর রহমানের ছেলে। জানা গেছে, রবিবার রাত ৩টার দিকে রবিন একই গ্রামের হিরনের ইজিবাইকে করে মানিকগঞ্জ সবজির আড়তে যাচ্ছিলেন। পথে বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকায় এলে রাস্তায় বাঁশ ফেলে ৮/১০ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এরপর দুজনকে দুই দিকে নিয়ে যাওয়া হয়। মাথায় আঘাতের কারণে জ্ঞান হারান হিরন। জ্ঞান ফিরলে ব্যবসায়ী রবিনের হাত-পা বাঁধা ও বিবস্ত্র মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছিনতাই, পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। / কা