কুমিল্লায় বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার (১৬ অক্টোবর) রাত ৯ টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে জেলার বুড়িচং উপজেলার ময়নামতির কাটাজঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লা সদর উপজেলার রত্নবতী গ্রামের আছমত আলীর ছেলে আবু সাঈদ (৫০) ও তার স্ত্রী রুমি আক্তার (৪৫)।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ময়নামতি এলাকায় কোম্পানীগঞ্জগামী তিশা গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস একইমুখী একটি সিএনজি চালিত অটোরিকশাকে পেছন দিক থেকে চাপা দেয়। বাসটি অটো রিকশাটিকে চাপা দিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে একজন নারী নিহত হন। এছাড়া ময়নামতি জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার স্বামী নিহত হন।
এ ঘটনায় বাস ও অটোরিকশার অন্তত ১০ জন যাত্রী আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। / রা