গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় কাজল সরদার (৩০) ও আবুল কালাম (৪০) দুই আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) রাতে শ্রীপুর-রাজাবাড়ি আঞ্চলিক সড়কের জয়নারায়নপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, কাজল উপজেলার মালিপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ও কালাম ভিটিপাড়া গ্রামের আবদুল বাতেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই আবদুর রাজ্জাক জানান, শনিবার রাত ৮টার দিকে মোটরসাইকেল যোগে রাজাবাড়ীর দিকে যাচ্ছিলেন কাজল ও কালাম। এ সময় কাজল মোটরসাইকেল চালাচ্ছিল। তাদের বহনকারী মোটরসাইকেলটি শ্রীপুর-রাজাবাড়ি সড়কের ইকো কয়েল কারখানার সামনে পৌঁছালে সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাজল সরদারের মৃত্যু হয়। আহত আবুল কালামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। / রা