মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সেকেন্ড গোলড়া এলাকায় এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খোকন মিয়া (২৮) নামে এক বাসচালককে আটক করেছে পুলিশ।
শনিবার (০৬ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া এলাকায় ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে মহাসড়কে ছিটকে পড়ে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স (বাংলা) প্রথম বর্ষের ওই ছাত্রী।
এসব বিষয়ে জানতে চাইলে কলেজছাত্রী বলেন, সকালে ধামরাই থানা রোড থেকে কালামপুর এন্টারপ্রাইজের একটি গাড়িতে উঠেন মানিকগঞ্জের উদ্দেশ্যে। গাড়িটি কিছুদূর আসার পর প্রায় সব যাত্রী গাড়ি থেকে নেমে যায়। এরপর ওই যাত্রী গাড়ি থেকে নামতে চাইলে চালক বাঁধা দেন।
এভাবে গাড়িটি নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড অতিক্রম করলে বাসচালক চলন্ত বাসেই তাকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে বাসচালককে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে লাফ দেন তিনি। পরে এক প্রাইভেটকার চালক বিষয়টি হাইওয়ে থানা পুলিশকে অবগত করলে পুলিশ বাসচালককে আটক করে সাটুরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।অভিযুক্ত ব্যক্তি আটক রয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। / বার্তা