সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত বিমানযাত্রী পরেন্দ্রনাথ দাশের কাছ থেকে ৬ কেজি ১৪৮ গ্রাম ওজনের ৩৮টি স্বর্ণের বার ও একটি স্বর্ণের চাকতি আটক করেছে বিমানবন্দর কাস্টমস।
বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল ৭টা ৫৮ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২৪৮ বিমানটি বিমানবন্দরে অবতরণের পর ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় কর্তৃপক্ষ তল্লাশিতে তার লাগেজে থাকা একটি জুসার মেশিনের ভেতর থেকে ৬ কেজি ১৫০ গ্রাম ওজনের ৩৮ টি স্বর্ণের বার ও একটি গলানো স্বর্ণের চাকতি উদ্ধার করে।
আটককৃত ব্যক্তির বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ এলাকায়। তবে, অন্য কেউ তার হাতে জুসার মেশিনটি তুলে দিয়েছে বলে দাবি করেন তিনি।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ডেপুটি কমিশনার অব কাস্টমস মোহাম্মদ আল আমিন জানান, আটককৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।