চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর (নৌকা) বিরুদ্ধে।
বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নাজমুল হোসাইন আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি তৃতীয় ধাপে ডাউকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
জানা গেছে, বুধবার (১ ডিসেম্বর) ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত স্বতন্ত্র প্রার্থী নাজমুল হোসাইনকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে দুটি মোটরসাইকেল ও অজ্ঞাতনামা ব্যক্তির একটি মোটরসাইকেল ভাঙচুর করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর (নৌকা) সমর্থকরা। এতে আহত হন পুলিশের এক পরিদর্শকসহ ৪ জন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। / এনটিভি