কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে বিয়েতে মত-বিরোধকে কেন্দ্র করে বর ও কনের স্বজনদের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ বেলাল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকে গতকাল শনিবার রাতে এ সংঘর্ষ ঘটে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মো. শিহাব কায়সার খান।
নিহত মোহাম্মদ বেলাল উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকের বাসিন্দা আবু বক্করের ছেলে।
এসপি শিহাব কায়সার জানান, উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকের বাসিন্দা মো. ইউনুসের ছেলে মো. ইদ্রিসের সঙ্গে একই ক্যাম্পের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা বিয়ে করার সম্মতি জানালে মেয়েটির পরিবার রাজি হয়নি। পরে পাঁচ দিন আগে ইদ্রিসের বাড়ি চলে যায় ওই তরুণী। পরে গতকাল শনিবার রাতে ওই বাড়িতেই তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিন্তু, বিয়েতে অসম্মতি থাকায় কনের স্বজনেরা অনুষ্ঠানের আয়োজন নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। এ নিয়ে গতকাল শনিবার রাত ১০টার দিকে অনুষ্ঠানস্থলে বরপক্ষের লোকজনের ওপর হামলা চালায় কনের স্বজনেরা। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়। / এনটিভি