ভোলার চরফ্যাশনে চর কুকরিমুকরি ইউনিয়নে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘জলদস্যু’ নিহত হয়েছে। শনিবার মধ্যরাতে চর কুকরিমুকরি ইউনিয়নের বাবুগঞ্জ জালিয়া খাল এলাকার কেওড়া বনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
রোববার সকালে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, র্যাবের সঙ্গে গোলাগুলিতে দু’জন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, এই ঘটনায় র্যার-৮ এর ডিএডি মো. এনামুল হক থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মামলার বিবরণে জানা যায়, ভোরের দিকে দক্ষিণ আইচা থানার চর কুকরিমুকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জালিয়া খালের পাশে অভিযান চালায় র্যাব। সেসময় র্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে জলদস্যুরা। পরে আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। এতে দুই জলদস্যু নিহত হয়। তবে নিহতরা ভোলার বাসিন্দা বলে মনে হচ্ছে না। কারণ স্থানীরা তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি। / চ্যা