বান্দরবানে জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতাকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। এ ঘটনাকে কেন্দ্র করে উসাইমং মারমা নামে মারমা ন্যাশনালিস্ট পার্টির এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১২ ডিসেম্বর) রাত ৯টায় সদর উপজেলার ডুলুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুশৈ থোয়াই মার্মা তার বাড়িতে রাতের খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী তার ঘরে প্রবেশ করে তাকে অপহরণ করে নিয়ে যায়। কেন বা কী কারণে এই অপহরণের ঘটেছে তারও সঠিক কোনো কারণ কেউ বলতে পারছে না।
অপহরণের ঘটনাকে কেন্দ্র করে রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার আমতলী এলাকায় জেএসএসের সঙ্গে এমএনপির গোলাগুলির ঘটনা ঘটে। এতে এমএনপির সদস্য উসাইমং মারমা আহত হন।
অপহৃত ব্যক্তির নাম পুশৈ থোয়াই মার্মা (৩৮)। তিনি সদর উপজেলার কুহালং ইউনিয়নস্থ চেমীডুলু পাড়ার অংছাসিং মার্মার ছেলে। তিনি আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএসের বান্দরবান সদর উপজেলার সাধারণ সম্পাদক ও জেএসএসের বান্দরবান জেলা কমিটির সদস্য। / ঢাপো