উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডা বাতাসে রংপুরে শীত জেঁকে বসছে।
দিনাজপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশা কম থাকলেও হিমেল বাতাসের কারণে জনদুর্ভোগ বেড়েছে। দিনে খানিকটা সহনীয় থাকলেও সন্ধ্যার পর হিমেল বাতাসে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে রংপুর অঞ্চলের ছিন্নমূলদের। খুড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শীতার্তরা।
গাইবান্ধায় বেড়েছে শীতের তীব্রতা। জেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার স্বল্প আয়ের মানুষ শীত বস্ত্রের অভাবে রোদ না ওঠা পর্যন্ত স্বাভাবিক কাজ কর্ম করতে পারছে না।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলেও জানা গেছে।
রবিবার সারাদেশের সর্বনিম্ম তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীমঙ্গলে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার দেশের বেশ কিছু স্থানের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকায় কুয়াশার পাশাপাশি বাতাসের উপস্থিতি রয়েছে, যে কারণে শীতের অনুভূতি বাড়ছে। আগামী দুই তিনদিন এই পরিস্থিতি বিরাজ করবে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ভোরের দিকে দেশের অনেক স্থানে কুয়াশা থাকবে। এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে, কম থাকবে দিনের তাপমাত্রাও। আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত রাতের তাপমাত্রা কম থাকবে।
গত দুই তিন ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের তেতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহের মতো তাপমাত্রা বিরাজ করছে। ওই সকল জেলার আশেপাশের এলাকায়ও দিনের তাপমাত্রা কমেছে। আবহাওয়া অধিদফতর বলছে, আগামী মঙ্গলবার (২১ ডিসেম্বর) থেকে দেশের উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি এলাকাজুড়ে শীতের তীব্রতা বাড়তে পারে।