রংপুর হাসপাতালের মূল ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক ফরিদ আহমেদের নেতৃত্বে ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে।
রমেকের পরিচালক ডা. মোহাম্মদ রেজাউল করীম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেডিকেলের দ্বিতীয় তলার ৭নং মেডিসিন ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হাসপাতালের কয়েকটি শয্যা এবং ওই ওয়ার্ডে কিছু অংশ পুড়ে যায়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তবে আরেকটি সূত্র জানায়, সকালে আগুন লাগার খবরে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক রোগী কমবেশি আহত হয়েছেন।