চুয়াডাঙ্গায় বাস-মোটরসা্ইকেল মুখোমুখি সংঘর্ষে কামরুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম যশোর জেলা সদরের নাজিরশংকরপুর গ্রামের মৃত নোয়াজের আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কামরুল ইসলাম মোটরসাইকেলযোগে জীবননগর থেকে দর্শনার দিকে যাচ্ছিলেন। এসময় একই দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তার সংঘর্ষ হয়। প্রথমে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে দুই মোটরসাইকেল আরোহীই। এসময় বিপরীতদিক থেকে আসা একটি লোকাল বাসের চাপায় মোটরসাইকেল আরোহী কামরুল ইসলাম নিহত হন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবির জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।